শীতের আগমনী বার্তার মধ্যেই দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিচ্ছে বঙ্গোপসাগর। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় আগামী ১৩ নভেম্বরের দিকে একটি লঘুচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ।
এদিকে, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
অন্যদিকে, বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ।