দেশজুড়ে edit this post

ছাত্রদলের দুইপক্ষের তুমুল সংঘর্ষ, বিএনপি ও এমপির অফিস ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমিটি নিয়ে বিরোধে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। সংঘর্ষ চলাকালে আখাউড়া উপজেলা বিএনপি ও কসবা-আখাউড়ার সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার পর পৌর শহরের সড়ক বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের কমিটি গঠান করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন মোবারক হোসেন এবং সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ। তারা দুইজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী।

আজ বিকেলে নবগঠিত কমিটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি সড়কবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতারা প্রতিবাদ মিছিল নিয়ে আসে৷ তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত। এ সময় কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারীরা মিছিল থেকে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। এ ছাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। উপজেলা বিএনপি কার্যালয় এর পাশাপাশি এটি সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।

ওসি জাবেদ উল ইসলাম জানান, ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাহ্মণবাড়িয়া #ছাত্রদল