দেশজুড়ে

পদ্মা সেতুর টোলপ্লাজায় ভাঙচুর, ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) কর্মচারী মো. জাহাঙ্গীর হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ (১৩ নভেম্বর) পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা অন্য তিন আসামীরা হলেন- জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর, চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান মীর, ইউনিয়ন পরিষদের সদস্য মো. রিপন সরদার।

আওয়ামী লীগ নেতা ও ডিসি অফিসের কর্মচারী জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে নাশকতার ঘটনায় অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা ছিল। একপর্যায়ে তারা কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালান। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় পদ্মা সেতুর দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়।

এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

ওসি মো. আব্দুস সালাম বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পদ্মা সেতু #ভাঙচুর