যশোরে দুই আদালতের ভেতরে ও সীমানা প্রাচীরে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সহকারী জজ আদালত ও সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত অবস্থায় শহরের মুজিব সড়কে অবস্থিত সহকারী জজ আদালতের দেয়ালে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একটি আদালতের ভেতরে বিস্ফোরণ ঘটে, অন্যটি আদালতের দেয়ালে বিস্ফোরণ ঘটে। এরপরই দুর্বৃত্তরা ৫০০ মিটার দূরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
ওসি কবির হোসেন বলেন, পুলিশ ও ডিবি ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনার পরপরই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোটরসাইকেল আরোহী হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ করছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অভিযানে নেমেছে পুলিশ।
আই/এ