জাতীয় edit this post

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্ত থেকে বিশৃঙ্খলার চেষ্টা: প্রধানমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

শ্রমিকদের দাবিকে সামনে রেখে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কোনো শ্রমিক নিজের কর্মস্থল বা শিল্পপ্রতিষ্ঠানের ক্ষতি করতে পারেন না। অথচ একটি মহল বিভিন্ন কলকারখানায় গিয়ে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘গত ৫০ বছরে দেশে গড়ে ওঠা শিল্পকারখানাগুলো বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। এসব শিল্পপ্রতিষ্ঠানে লাখ লাখ মা-বোন ও শ্রমজীবী মানুষ কাজ করেন। এই শিল্পকারখানাগুলো দেশের সম্পদ, মানুষের সম্পদ। কোনো শ্রমিক নিজের কর্মস্থল ও জীবিকার ক্ষতি করতে পারেন না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, গত ১৫-১৬ বছরে একটি মহল দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে কোনো ভূমিকা রাখেনি। বরং মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি দেশের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সেই গোষ্ঠীই এখন সীমান্তের ওপার থেকে কলকাঠি নাড়ছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

শ্রমিকদের মজুরি প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘শ্রমিক ভাই-বোনদের মজুরি নিয়ে কিছু দাবি-দাওয়া রয়েছে, সরকার সে বিষয়ে অবগত। তাদের দাবিগুলো বিবেচনা ও পর্যালোচনার জন্য ইতিমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড কাজও শুরু করেছে। ইনশাআল্লাহ, আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারণ করা হবে, যাতে শ্রমিক ভাই-বোনেরা ভালো থাকতে পারেন।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী তারেক রহমান