‘প্রতিবন্ধী মানে প্রতিভাবন্দি নয়’ স্লোগান এবং ‘অন্তর্ভুক্তিমূলক সমাজ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি।
বুধবার (০৪ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্কয়ারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রতিবন্ধী ব্যক্তিরা গান, নৃত্য, র্যাম্প শোসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করে বৈষম্যহীন সমাজ ও নতুন বাংলাদেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সৈয়দা মুনিয়া ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, আমি নিজে ব্যক্তিগতভাবে অত্যন্ত আপ্লুত এ ধরনের একটি উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে। আরটিভিসহ যারা যারা ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির নেপথ্যে কাজ করেন, তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাই।
তিনি বলেন, ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি মতো প্রতিষ্ঠানকে আমি অনুরোধ করবো, তারা যেন তাদের এই মহৎ কাজের পাশাপাশি সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করে।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে বড় করে তোলা পরিবারগুলোর প্রসঙ্গ প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা বলেন, আমাদের প্রত্যেকেরই নিজের গভীর অনুভূতির মধ্যে সাড়া জাগাবে যে, আমাদের আশেপাশের পরিবেশের প্রতি কত সংবেদনশীল হওয়া উচিত। এতে সামাজিক অনুভূতি তৈরি হবে, সামাজিক মূল্যবোধ তৈরি হবে এবং সামাজিক সচেতনতা তৈরি হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রকে এ ব্যাপারে সবচেয়ে বড় দায়িত্ব নেওয়া দরকার এবং রাষ্ট্র যারা পরিচালনা করে, তাদের দায়িত্ব রাষ্ট্রকে মানবিক করে গড়ে তোলা।
সরকারের অগ্রাধিকার প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমরা আমাদের যে সব কাজে গুরুত্ব দিয়েছি, অবশ্যই তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ এরিয়া। এবং এই বিষয়ে আমাদের মধ্যে অনেক চিন্তা আছে, আমাদের মধ্যে অনেক আগ্রহ আছে।
অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশে সৈয়দ আশিক রহমান বলেন, আপনাদের এই কষ্টের সঙ্গে কিংবা এই ধৈর্যের সঙ্গে আমরা একটু থাকতে চাই কিংবা থাকতে চেয়েছি। জানিনা আমরা কতদূর সামনে এগিয়ে যেতে পারব। আজকের আমাদের প্রধান অতিথি যেমনটি বললেন যে সরকারও আমাদেরকে সহযোগিতা করবেন, তেমনটিই আমরা আশা করবো। কারণ, সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিভা ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পায়।
এমএ//