রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি পরিদর্শন করেছেন সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন।
শনিবার (২০ জুন) দুপুরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে তারা বিভিন্ন সেবামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সৈয়দা মনিরা ইসলাম অতিথিদের সামনে প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
পরিদর্শনের একপর্যায়ে অতিথিরা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। পরে শিশুদের তৈরি হস্তশিল্প ও চিত্রকর্ম পরিদর্শন করে সেগুলোর প্রশংসা করেন।
পরিদর্শন শেষে সমাজকল্যাণ সচিব বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়ন ও তাদের জন্য আরও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার নানা ধরনের উদ্যোগ বাস্তবায়ন করছে।
এ সময় কর কমিশনার সাবিনা ইয়াসমিন, মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের চেয়ারম্যান জাহিদ করিম চৌধুরী এবং ঢাকা সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোস্তফা মোস্তাকুর রাহিম খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।