রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় ইটের আঘাতে আহত হয়েছেন পল্লবী থানার এক পুলিশ কনস্টেবল। আহত পুলিশ সদস্যের নাম সাইমন।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে মিরপুর-১১ নম্বর এলাকায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে কনস্টেবল সাইমন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ছাড়া পল্লবীর কালশী সড়কে পুলিশ সদস্যদের ওপর হামলা ও মারধরের ঘটনাও ঘটে। এ ঘটনায় মিরপুর এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে।
শ্রমিকদের আন্দোলনের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন। তবে অন্য স্টেশনগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
এমএ//