রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দুটি যানবাহন, ওয়াকিটকি, মুঠোফোন ও স্ক্র্যাপ কেবল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৫০ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৩ জন, মতিঝিল বিভাগে ৬৩ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, গুলশান বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৬ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ চারজন এবং এসআরইউ বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে পাঁচ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৩ হাজার ১৪৬টি ইয়াবা বড়ি ও ৮০ বোতল এস্কাফ সিরাপ। এ ছাড়া একটি মোটরসাইকেল, একটি ব্যক্তিগত গাড়ি, দুটি ওয়াকিটকি, ছয়টি মুঠোফোন এবং ৩৫০ কেজি স্ক্র্যাপ কেবল উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, বুধবার রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এসি//