দেশজুড়ে

১০৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার, ১৪ বছর পর যাবজ্জীবন

যমুনা সেতু পশ্চিম এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় প্রায় ১৪ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন বাসচালক রমজান আলী (৫৫)। একই রায়ে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও ছয় মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। তবে এ মামলায় বাসের সুপারভাইজার রিফাতুল ইসলাম ওরফে রিফাতকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতে এ রায় ঘোষণা করেন বিচারক নজরুল ইসলাম। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর লতিফ আকন্দ।

মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ২ আগস্ট দিনাজপুর থেকে ফেনসিডিল নিয়ে ঢাকায় যাওয়ার পথে মাদক পাচারের তথ্য পায় পুলিশ। পরে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।

এ সময় নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও এক লিটার তরল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বাসচালক রমজান আলী ও সুপারভাইজার রিফাতুল ইসলামকে আটক করে যমুনা সেতু পশ্চিম থানা-পুলিশ।

এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বাদী হয়ে মামলা করেন। পরবর্তী সময়ে সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় দেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #যাবজ্জীবন #সিরাজগঞ্জ