সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ৪০০টি এলপিজি সিলিন্ডারের মধ্যে ৪৮টি উদ্ধার করা হয়েছে এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। বুধবার রাতে বগুড়ার শাজাহানপুর ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাজাহানপুর উপজেলার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), তার সহকারী সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬)। মামলার তদন্তের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানোর কথা জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।
মামলার এজাহার অনুযায়ী, গেল ৭ অক্টোবর রাত ৩টার দিকে রায়গঞ্জের চকনুর গ্রামের তালুকদার ফিলিং স্টেশন থেকে বিভিন্ন কোম্পানির ৪০০টি গ্যাস সিলিন্ডার নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় একটি ট্রাক।
পথে রৌহা ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫ থেকে ১৬ জনের একটি দল ট্রাকটির পথ আটকে দেয়। এ সময় চালক আসিফসহ ট্রাকে থাকা ব্যক্তিদের ধারালো ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। পরে দলের দুই সদস্য ট্রাকটির সামনের আসনে উঠে নিয়ন্ত্রণ নেয়।
এরপর ভোর ৪টার দিকে ষোলমাইল ফায়ার সার্ভিস এলাকার একটি কবরস্থানের পাশের নির্জন সড়কে ট্রাকটি থামানো হয়। সেখানে দুটি মিনি ট্রাকে সিলিন্ডারগুলো তুলে নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় চালক ও তাঁর সহকারীর কাছ থেকে তিনটি মুঠোফোন এবং নগদ ৮৬ হাজার টাকাও নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর (গোপচর) এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিউল্লাহ (৩০) বাদী হয়ে মামলা করেন। পুলিশ জানিয়েছে, লুট হওয়া বাকি সিলিন্ডার উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এমএ//