জাতীয়

প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে ফেরত আনার উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা

বায়ান্ন প্রতিবেদন

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার। এ কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৪৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা অনেক অধিকার থেকে বঞ্চিত হবেন। তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার।

এ সময় আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ চৌদ্দ পুরুষসহ পালিয়ে গেছে। শেখ হাসিনা এখন যে মনোযোগ পাচ্ছেন, তা দুঃখজনক। শেখ হাসিনা স্বৈরাচারকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে, তিনি নিজেই রাষ্ট্র হয়ে গিয়েছিলেন’।

আওয়ামী লীগকে একটি মাফিয়া দল উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, এটি কোনো রাজনৈতিক দল নয়। তারা টাকা দিয়ে সহিংসতার মাধ্যমে আতঙ্ক ছড়াচ্ছে।

তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা না থাকলেও কিংবা কেউ জামিনে থাকলেও দলটির হয়ে কোনো সভা করতে পারবেন না।

সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্য ও জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। বাজারে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে না বলে স্বীকার করেন তিনি। সরবরাহে সংকট থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে তদারকি চলছে। তবে সরকারকে আরও সতর্ক হতে হবে।

এ ছাড়া দেশে বর্তমানে যেকোনো সময়ের তুলনায় বেশি খাদ্য মজুত রয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ হাসিনা #জুলাই গণ-অভ্যুত্থান #ডা. জাহেদ উর রহমান #তথ্য উপদেষ্টা