রাজধানী edit this post

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালকসহ আটক ৪

সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার দুই শ্যালকসহ চারজনকে আটক করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মনিরুল ইসলামের স্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা, তার শ্যালক রেজাউল আলম শাহীন এবং অপর এক শ্যালক।

সায়লা ফারজানা বিসিএস ১৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার স্বামী মনিরুল ইসলামকে ইতোমধ্যে সরকার বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে।

এদিকে, ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মামলায় মনিরুল ইসলাম ছাড়াও তার স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পাকে আসামি করা হয়েছে।

দুদকের এজাহারে বলা হয়েছে, অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।

এছাড়া তাদের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা জমা এবং ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকা উত্তোলন করা হয়েছে বলে দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #এসবি #মনিরুল ইসলাম #ডিবি