সংবাদ পরিবেশনা (নিউজ কনটেন্ট), দর্শক-পাঠক সম্পৃক্ততা (অডিয়েন্স এনগেজমেন্ট) এবং সাংবাদিকতায় শিক্ষামূলক বিভিন্ন সুযোগ নিয়ে ঢাকাস্থ রাশিয়ান হাউসের সহযোগিতায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রাশিয়া টুডে (আরটি) বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের জন্য একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত রাশিয়ান হাউজে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্যে ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক ও রুশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আলেকজান্দ্রা খলেভনয় বলেন, বর্তমান বিশ্বে এক ধরনের তথ্য যুদ্ধ চলছে। যেখানে সত্য সংবাদ হলো একপ্রকার গোপন অস্ত্র। বক্তব্যে তিনি বাংলাদেশের সাংবাদিক ও শিক্ষার্থীদের জন্য ঢাকাস্থ রুশ দূতাবাসের বিভিন্ন প্রোগ্রাম এবং শিক্ষা বৃত্তি সম্পর্কে অবহিত করেন। আজকের সেমিনারের মতো এমন অসংখ্য আয়োজন আগামীতে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
আরটি একাডেমির প্রধান আনা কভতুনোভা বলেন, বাংলাদেশে এটিই তার প্রথম সফর। আরটি একাডেমি সাংবাদিক, ব্লগার এবং শিক্ষার্থীদের জন্য অনলাইনে বিভিন্ন কোর্স চালু করেছে। সম্প্রতি ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের সাথে তারা একটি সমঝোতা স্মারক সই করেছেন। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সাথে তারা দ্বিপাক্ষিক সহযোগিতামূলক কর্মসূচি চালু করতে আগ্রহী। আরটিতে বাংলাদেশি সংবাদকর্মীদের কাজের সুযোগ নিয়েও কথা বলেন তিনি।
তিনি বলেন, বর্তমানে ১০টি ভাষায় রাশিয়া টুডে তাদের সংবাদ পরিবেশন করছে। ২০০৫ সালে রাশিয়া টুডে যাত্রা শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইউটিউবেও যে সংবাদ পরিবেশন করা যায় এই ধারণাটি ২০১২ সালে প্রথম রাশিয়া টুডে বাস্তবায়ন করে দেখায়। সংবাদ পরিবেশনের ধরনেও এখন পরিবর্তন এসেছে। পুরোনো ধাঁচে সংবাদ পরিবেশন মানে আপনার দর্শকও বৃদ্ধ। নতুনদের জন্য নতুনভাবে সংবাদ উপস্থাপন করতে হবে।
অনুষ্ঠানে আরটি ইন্ডিয়ার প্রোগ্রাম ডিরেক্টর রুসলান ইমায়েভ তার বক্তব্যের শুরুতে আরটির বেশ কিছু প্রতিবেদন প্রদর্শন করেন। তিনি বলেন, সময়ের সাথে সাথে সংবাদ পরিবেশন ও রিপোর্টিং এর ধরণ বদলেছে। আগের মতো এক জায়গায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে প্রতিবেদন করবার দিন শেষ। কোন ঘটনা এবং তার আবেগের সাথে মানুষকে যুক্ত করাটাই মূল বিষয়।
এসময় সাংবাদিকতায় এআই এর ব্যবহার নিয়েও কথা বলেন তিনি। আরটি কীভাবে সংবাদ পরিবেশনে নতুন প্রযুক্তি ব্যবহার করছে সেটিও তিনি পরিচয় করিয়ে দেন। বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন রুসলান ইমায়েভ।
অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন।
আই/এ/এমএ//