কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা পথে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকেরা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।
খুলনা ইমাদ পরিবহনের ব্যবস্থাপক মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শনিবার বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাদের একটি বাস বিকেলে পথে আটকা পড়েছিল। তবে, বাসটির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ পথে আবার কবে বাস চলাচল শুরু হবে, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে গণমাধ্যমকে জানান, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথে বাস চলাচল অব্যাহত থাকবে। এ বিষয়ে সন্ধ্যায় একটি সভা ডাকা হয়েছে। আপাতত গোপালগঞ্জ হয়ে কোনো বাস চলবে না।
এর আগে, গত ১৮ নভেম্বর গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাসের শিডিউল বাতিল করেছিলেন খুলনার পরিবহন মালিকেরা।
উল্লেখ্য, আগামী ২৯ ও ৩০ নভেম্বর সারা দেশে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় শনিবার বিকেল থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী অধিকাংশ পরিবহন নতুন করে টিকিট বিক্রিও বন্ধ রেখেছে।
এমজে/এ