দেশজুড়ে

গভীর রাতে পুলিশের অভিযান, লাঠি-কেরোসিন ফেলে পালাল নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার খামারগাতি এলাকায় গভীর রাতে মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে জড়ো হওয়া ব্যক্তিরা পালিয়ে যান। পরে সেখান থেকে প্রায় ৩০টি বাঁশের লাঠি ও কেরোসিন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের পিপুলবাড়িয়া-মহিষামুড়া সড়কের খামারগাতি এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বায়ান্ন টিভিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে খামারগাতি এলাকায় কয়েকজন ব্যক্তি জড়ো হয়ে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে টহলরত সদর থানা পুলিশের একটি দল সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত সরে পড়েন।

পরে ঘটনাস্থল থেকে মশাল মিছিলের প্রস্তুতিতে ব্যবহারের জন্য রাখা প্রায় ৩০টি বাঁশের লাঠি ও কেরোসিন জব্দ করে পুলিশ।

ওসি মো. রাকিবুল হাসান জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ