প্রেমিকার অভিমান ভাঙাতে কতজন কত কিছুই না করেন! কেউ উপহার দেন, কেউ ফুল পাঠান, আবার কেউ চিঠি লিখে ক্ষমা চান। তবে এবার সবকিছুকে ছাপিয়ে একেবারেই ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়েছেন সিরাজগঞ্জের এক প্রেমিক। প্রেমিকাকে ‘পোল্ট্রি মুরগি’ সম্বোধন করে প্রকাশ্যে ‘সরি’ জানিয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানে টাঙিয়েছেন ব্যানার। আর সেই ব্যানার ঘিরেই এখন শহরজুড়ে চলছে হাসি-ঠাট্টা ও কৌতূহল।
শুক্রবার (২৭ নভেম্বর) সিরাজগঞ্জ পৌর শহরের মুজিব সড়কের সবুজ কানন হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে চোখে পড়ে ব্যতিক্রমী এই ব্যানার। এতে বড় অক্ষরে লেখা রয়েছে, ‘I AM SORRY POLTIMURGI’। পাশে রয়েছে কান্নার ইমোজি। আর ব্যানারের নিচে লেখা, ‘COURTESY Personal Goru’।
ব্যানারের ভাষা ও উপস্থাপন ভিন্নধর্মী হওয়ায় পথচারীদের অনেকেই দাঁড়িয়ে সেটি দেখছেন। কেউ মুচকি হাসছেন, কেউ আবার মুঠোফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। তবে কে এই ব্যানার টাঙিয়েছেন, আর কাকে উদ্দেশ্য করে এমন ব্যতিক্রমী ক্ষমা প্রার্থনা—তা এখনো জানা যায়নি।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে প্রেমিকার অভিমান ভাঙানোর মজার ও সাহসী প্রচেষ্টা হিসেবে দেখছেন। আবার কেউ বলছেন, ব্যক্তিগত সম্পর্কের মান-অভিমান ব্যক্তিগত পরিসরেই থাকা ভালো।
সব মিলিয়ে, প্রেমিকার অভিমান ভাঙানোর এই অভিনব কৌশল মুহূর্তেই পরিণত হয়েছে শহরজুড়ে আলোচনার বিষয়ে। ফুল কিংবা উপহারের বদলে ‘পোল্ট্রি মুরগি’ সম্বোধন করে এমন প্রকাশ্য সরি—নেটিজেনদের কাছেও যেন এক নতুন চমক!
আই/এ