আন্তর্জাতিক

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত বেড়ে ৩০, অধিকাংশই শিশু

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৯ শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরটির দির কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভবনের ওপরের তলার ছাদ নিচের তলার ওপর ধসে পড়লে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ছয়জন মেয়ে শিশু রয়েছে। লেডি রিডিং হাসপাতালে ২৮ শিশুর মরদেহ নেওয়া হয়। এছাড়া নাসিরুল্লাহ খান বাবর মেমোরিয়াল হাসপাতালে দুজনের মরদেহ পাঠানো হয়। পরে নিহত নারী শিক্ষকের মরদেহও হাসপাতালে নেওয়া হয়।

পেশোয়ারের ডেপুটি কমিশনার জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দুর্ঘটনার সময় স্কুলটিতে ১১০ থেকে ১১৫ জন শিশু ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বল কাঠামোর কারণে ছাদটি ধসে পড়ে। কর্মকর্তারা জানান, ছাদ নির্মাণে লোহার বিম ও কাঠের তক্তা ব্যবহার করা হয়েছিল।

এ ঘটনায় স্কুলটির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা ড. মিয়ান সাঈদ জানান, প্রতিষ্ঠানটি একটি শিক্ষা ট্রাস্টের অধীনে পরিচালিত হতো। ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, খাইবার পাখতুনখাওয়ার শিক্ষা সচিব ইনায়াতুল্লাহ ওয়াসিম বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালককে শুক্রবারের মধ্যে দুর্ঘটনার বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #ছাদ ধস