ইসরাইলে সরকার গঠন নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটে আরব-ইসরাইলি দল রামের যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দলটির নেতা মনসুর আব্বাসের অবস্থান।
শনিবার (২৮ নভেম্বর) হামাসকে 'সন্ত্রাসী গোষ্ঠী' হিসেবে পরোক্ষ স্বীকৃতি দিয়েছেন তিনি। আইজেনকোটের জোটে যোগ দেওয়ার অন্যতম শর্তও ছিল হামাসের নিন্দা জানানো।
ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে মনসুর আব্বাস জানান, তার দল রাম ও আরব-সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্ট চলতি সপ্তাহে ২০২৩ সালের ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা তদন্তে একটি কমিশন গঠনের বিল সমর্থন করেছে। ওই বিলে হামাসকে 'সন্ত্রাসী গোষ্ঠী' হিসেবে উল্লেখ করা হয়েছে।
আব্বাসের এই অবস্থানকে আইজেনকোটের নেতৃত্বাধীন জোটে রামের যোগ দেওয়ার সম্ভাব্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
তিনি জানান, সরকার গঠনের শুরু থেকেই অথবা পরবর্তী সময়ে জোটে যুক্ত হতে আগ্রহী তার দল।
তবে হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে প্রকাশ্যে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আগে সতর্ক ছিলেন আব্বাস। তার আশঙ্কা ছিল, এমন অবস্থান ইসরাইলের আরব সম্প্রদায়ের পাশাপাশি পশ্চিম তীর ও গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিকে সরকার গঠনের জন্য আইজেনকোটের জোটের সামনে এখনো সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চ্যালেঞ্জ রয়েছে। বামপন্থী ডেমোক্র্যাটস ও ডানপন্থী ইসরাইল বেইতেইনুর সঙ্গে সমঝোতা হলেও জোটটির আইনপ্রণেতার সংখ্যা ৩৬। ১২০ আসনের সংসদে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।
এ অবস্থায় আরব-সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সমর্থন আইজেনকোটের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এসি//