ইসরাইলে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই বলে মনে করেন দেশটির প্রধান বিরোধীদলীয় জোটের প্রধান গাদি আইজেনকট।
সোমবার (২৪ নভেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নিজের দল ইয়াশার পার্টির বৈঠকে আইজেনকট বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া জরুরি এমন কোনো তাৎক্ষণিক হুমকি তিনি দেখছেন না।
নতুন অভিযান চালানোর পরিবর্তে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন তিনি। আইজেনকট জানান, ইরানের সবচেয়ে বড় হুমকি হলো ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম, যা এখনো ধ্বংস করা হয়নি কিংবা দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়নি। এ বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
নেতানিয়াহুর জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন আইজেনকট। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে নয়, বরং প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যেই তার দল কাজ করবে।
এ ক্ষেত্রে দলের অবস্থানও স্পষ্ট করে তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন এবং সবার জন্য বাধ্যতামূলক সামরিক নিয়োগের দাবিতে কোনো ছাড় দেবে না ইয়াশার পার্টি।
এমএ//