বিনোদন

শাহরুখকে আঙুল তুলে ‘চুপ’ করতে বলেছিলেন অনন্ত আম্বানি!

বিনোদন ডেস্ক

এক মঞ্চে বলিউড তারকা শাহরুখ খান, শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও আধ্যাত্মিক গুরু সদ্গুরু। অনুষ্ঠানের সেই মঞ্চে কয়েক সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। ভিডিওতে অনন্তকে শাহরুখের দিকে আঙুল তুলে কিছু বলতে দেখা যায়। সেই দৃশ্য দেখে কেউ কেউ মনে করছেন, শাহরুখকে থামতে বলছিলেন অনন্ত। আবার অনেকে বলছেন, দুজনের মধ্যে চলছিল নিছক খুনসুটি।

তবে ভিডিওতে অনন্ত ঠিক কী বলছিলেন, তা স্পষ্ট বোঝা যায়নি। এ নিয়ে শাহরুখ কিংবা অনন্ত, কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (২১ নভেম্বর) মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়ায় অনুষ্ঠিত হয় ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’। অমৃতা ফড়নবিশ প্রতিষ্ঠিত দিব্যজ ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানে ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলায় নিহতদের স্মরণ করা হয়। একই সঙ্গে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিসহ সাহসিকতা ও সমাজসেবায় অবদান রাখা কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার, অক্ষয় কুমার, রণবীর সিং, সুনীল শেঠি, বিক্রান্ত ম্যাসিসহ বলিউড ও অন্যান্য অঙ্গনের পরিচিত ব্যক্তিরা।

অনুষ্ঠানের ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সদ্‌গুরুকে আলিঙ্গন করছেন শাহরুখ খান। কথোপকথনের একপর্যায়ে তার সামনে হাত জোড় করতেও দেখা যায় অভিনেতাকে। পরে অনন্ত আম্বানি কাছে এলে তার পিঠে হাত রাখেন শাহরুখ। এরপর সদ্‌গুরুর সঙ্গে কথা বলার মাঝেই শাহরুখের দিকে ফিরে আঙুল তুলে কিছু বলেন অনন্ত। এ দৃশ্য ঘিরেই শুরু হয় নানা জল্পনা।

ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সবার সামনে শাহরুখের দিকে এভাবে আঙুল তোলা কতটা শোভন।

আবার রেডিটের এক ব্যবহারকারীর ধারণা, শাহরুখ হয়তো সদ্‌গুরুর কাছে অনন্তকে নিয়ে কিছু বলছিলেন। আর অনন্ত মজা করে তাকে থামানোর ইঙ্গিত দিয়েছেন। অবশ্য একই অনুষ্ঠানের অন্য একটি ভিডিওতে শাহরুখ ও অনন্তকে আলিঙ্গন করতেও দেখা গেছে।

স্মরণ ও সম্মাননা অনুষ্ঠানে শাহরুখের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন ২০০৮ সালের মুম্বাই হামলা থেকে বেঁচে যাওয়া দেবিকা রোটাওয়ান। হামলার সময় তিনি ছিলেন অন্যতম প্রত্যক্ষদর্শী।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শাহরুখ তার ছোট ছেলে আব্রামের একটি প্রশ্নের কথাও তুলে ধরেন।

আব্রাম জানতে চেয়েছিল, ঘৃণাকে কীভাবে ভালোবাসায় রূপান্তর করা যায়। উত্তরে শাহরুখ বলেন, এর জন্য মানুষের মধ্যে কথোপকথন, পারস্পরিক আস্থা ও একসঙ্গে বসবাসের মানসিকতা তৈরি করতে হবে।

গম্ভীর স্মরণ ও সম্মাননার আয়োজনেও দর্শকদের হাসির উপলক্ষ তৈরি করেন শাহরুখ। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার পরিচিত ভঙ্গিতে মঞ্চে দুই হাত ছড়িয়ে দেন তিনি। পাশে দাঁড়িয়ে একই ভঙ্গি অনুসরণ করেন বোমান ইরানি ও বিক্রান্ত ম্যাসি।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া সদ্গুরু নামে পরিচিত জগ্গি বাসুদেব ভারতের একজন আধ্যাত্মিক শিক্ষক। যোগ ও ধ্যানের চর্চা ছড়িয়ে দিতে ১৯৯২ সালে তিনি ঈশা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। যোগ ও ধ্যান প্রশিক্ষণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও কাজ করে প্রতিষ্ঠানটি।

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আধ্যাত্মিক গুরু সদ্গুরু #অনন্ত আম্বানি #মুকেশ আম্বানি #শাহরুখ খান