২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আর ১৫ ডিসেম্বর বেলা ১১টায় অনলাইনে ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম শ্রেণির শিক্ষার্থী নির্বাচন করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক নির্দেশনায় বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের ভর্তি কার্যক্রমের বিস্তারিত জানানো হয়েছে। ঢাকা মহানগরীসহ সারাদেশের এসব প্রতিষ্ঠানের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম এই নির্দেশনার আওতায় পরিচালিত হবে।
নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে। এ জন্য নির্ধারিত ওয়েবসাইট http://gsa.teletalk.com.bd। আবেদন ফি ১১০ টাকা। টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে খুদে বার্তার মাধ্যমে এই ফি জমা দিতে হবে।
আবেদনের সময় প্রাপ্যতা অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের তালিকায় রাখতে পারবে। পছন্দের ক্রমও উল্লেখ করতে হবে। কোনো প্রতিষ্ঠানে দুই পালায় পাঠদান হলে উভয় পালয় পছন্দ করলে তা দুটি পৃথক পছন্দ হিসেবে বিবেচিত হবে। তবে একই বিদ্যালয় বা পালা দ্বিতীয়বার বেছে নেওয়ার সুযোগ থাকবে না।
অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ভর্তি কমিটি এই পরীক্ষা ও ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। এ ক্ষেত্রে ২০২৭ সালের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের ভর্তি নীতিমালা অনুসরণ করতে হবে। পাশাপাশি নির্ধারিত কোটা ও ক্যাচমেন্ট এলাকার শর্তও নিশ্চিত করতে হবে।
মাউশির নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। বিজ্ঞপ্তিতে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ ও সময় স্পষ্টভাবে জানাতে হবে।
ভর্তি আবেদন পূরণ ও সংশ্লিষ্ট নিয়মাবলি মাউশির ওয়েবসাইটের মাধ্যমিক সার্কুলার ও আদেশ বিভাগ এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ভর্তি নীতিমালা অনুসরণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এসি//