শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ডিসেম্বরের মধ্যে সরকার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবে। এ লক্ষ্যে বাস্তবায়নে ৩১ অক্টোবর প্রাথমিক ও নভেম্বরের মধ্যে মাধ্যমিকের সব বই উপজেলা শিক্ষা অফিসগুলোতে পৌঁছে দেয়া হবে; যাতে শিক্ষার্থীরা ফলাফলের দিন হাতে নতুন বই নিয়ে যেতে পারে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, গ্লোবাল কম্পিটিশনে আমাদের টিকে থাকতে হবে। তাই গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে। সেজন্য আমাদের সঠিক পদ্ধতিতে এগোতে হবে।’
তিনি বলেন, এআই সিস্টেমের মাধ্যমে শিক্ষাকে কীভাবে আরও আধুনিক করা যায়, সে বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে উপজেলা পর্যায়ে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন তৈরির দ্বিতীয় পর্যায়ের প্রকল্প অনুমোদন হয়েছে। একইসঙ্গে ওই প্রকল্পের আওতায় একাডেমিক ভবন-৩ নির্মাণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৫০ একর জমি বরাদ্দ এবং দুটি ইলেকট্রিক গাড়ি আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জনবল সংকট নিরসনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন প্রমুখ উপস্থিত ছিলেন।
আই/এ