শিক্ষা

বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নতুন নীতিমালা প্রকাশ

বায়ান্ন প্রতিবেদন

২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে সরকার। এতে প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করে। মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এ নীতিমালা কার্যকর হবে।

নীতিমালা অনুযায়ী, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসারে ২০২৭ সালের ১ জানুয়ারি প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে। তবে বয়স সাত বছরের কম থাকতে হবে। সে হিসাবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুরা প্রথম শ্রেণিতে ভর্তির যোগ্য হবে।

বয়স প্রমাণের জন্য ভর্তির আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়া যাবে।

এর আগে ২০২৫ সালের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স ছিল পাঁচ বছর। এবার তা এক বছর বাড়ানো হয়েছে। তবে গত ১৩ অক্টোবর প্রকাশিত সরকারি স্কুলের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স পাঁচ বছরই রাখা হয়েছে। ফলে ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সের শর্তে পার্থক্য থাকছে।

প্রথম শ্রেণিতে লটারি, অন্য শ্রেণিতে লিখিত পরীক্ষা

নতুন নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই বাধ্যতামূলক করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি সমসংখ্যক অপেক্ষমাণ শিক্ষার্থীর তালিকাও তৈরি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকার ক্রমানুসারে শিক্ষার্থী ভর্তি করা যাবে।

অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী নির্বাচন করতে হবে। অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে।

ভর্তি পরীক্ষার নম্বর ও সময় নির্ধারণ

নীতিমালায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার জন্য মোট ৫০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় এক ঘণ্টা।

চতুর্থ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। এতে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। এ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রমের প্রচার চালাবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান #ভর্তি #নতুন নীতিমালা