নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে ইসি সচিবালয়ে এসব তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১ হাজার ৫০টিতে ভোট হবে। মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলোকে আগে রাখা হচ্ছে, এর কিছু বেশি ইউনিয়ন নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।
তিনি বলেন, ছয় বছর বয়স থেকে এনআইডিতে তথ্য নিবন্ধনের কথা ভাবা হচ্ছে। প্রাথমিক শিক্ষায় ঢোকার সময় যেই তথ্য দেওয়া হয় সেই তথ্য নিয়ে ইসি ডেটাবেইজ করবে এমন আলোচনা চলছে।
ইভিএম এর বিষয়ে তিনি আরও বলেন, ইভিএম আমরা ব্যবহার করবো না। এগুলো ডিজপোজাল করতে ফাইনাল স্টক টেকিং শুরু করেছি। কি পদ্ধতিতে ডিজপোজ করবো সে বিষয়ে সুপারিশ পাওয়ার পর বলতে পারবো।
ইসির পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু হবে। এরপর ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ, ২৯ এপ্রিল তৃতীয় ধাপ, ১৩ মে চতুর্থ ধাপ এবং ২৭ মে পঞ্চম ও শেষ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপের নির্বাচনের ছয় সপ্তাহ আগে তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আই/এ