ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চিঠি তারা পেয়েছেন। তবে তার তার বিরুদ্ধে এই মুহূর্তে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। কারণ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মূল এখতিয়ার জাতীয় সংসদ সচিবালয়ের। সংসদ থেকে এ সংক্রান্ত চিঠি পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেবে ইসি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন ভবনে এসব কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, ‘আমাদের সরাসরি কিছু করার সুযোগ নেই। এটি সংসদ সচিবালয় থেকে জানানোর বিধান রয়েছে। আমাদের মূল দায়িত্ব নির্বাচন ব্যবস্থাপনা করা, আর পরবর্তী আইনি বিষয়গুলো জাতীয় সংসদ সচিবালয়ের আওতায় পড়ে। আমরা যদি স্পিকার বা সংসদ সচিবালয় থেকে অফিসিয়াল চিঠি পাই, তবে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে’।
নভেম্বর মাসে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে তিনি জানান, বিষয়টি এখনো চূড়ান্ত নয়। কমিশন যখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তখন তা গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
আই/এ