আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন তালিকায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। চূড়ান্ত তালিকায় থাকা সব ভোটারই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সব মিলিয়ে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
এর আগে ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই সময় ইসি সচিব জানিয়েছিলেন, হালনাগাদ প্রক্রিয়ায় ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। তখন মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।
নির্বাচনের সময়সূচি পেছানো হলে ভোটার নিবন্ধনের সুযোগও বাড়ানো হবে বলে সে সময় জানানো হয়েছিল। পরবর্তী সময়ে নিবন্ধিতদের সম্পূরক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানিয়েছিল কমিশন।
ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর ভোটারদের দাবি, আপত্তি ও সংশোধনের আবেদনের সুযোগ রাখা হয়। এ জন্য দাবি জানাতে ফরম-৬, আপত্তির জন্য ফরম-৭ এবং সংশোধনের জন্য ফরম-৮ ব্যবহার করা হয়।
ইসির নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী, ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হয়। এসব আবেদন ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হয়। পরে আবেদনের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে ভোটার তালিকায় যুক্ত করা হয়। সব প্রক্রিয়া শেষে সোমবার চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনেও প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের কথা ভাবছে নির্বাচন কমিশন।
এসি//