জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য হবে না। গণভোটের রায় মানলে সরকারের প্রত্যাশিত ঐক্য দৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাহী পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, সরকার সংলাপের আহবান জানালে জামায়াতে ইসলামী একা নয়, বরং ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদের সমন্বয়ে সেখানে অংশ নেবে।
ভারতীয় জনপ্রতিনিধির বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, সম্প্রতি প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন, যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা, স্পষ্ট অবমাননা এবং বাংলাদেশের প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণ।
তিনি আরও বলেন, জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতীতে ত্যাগের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে। কোনো আধিপত্যবাদী শক্তির হুমকি-ধমকিতে ভয় পায় না। যেকোনো ধরনের আগ্রাসন প্রতিরোধে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে এবং থাকবে। ভারতে আশ্রয় নেওয়া পতিত ফ্যাসিবাদীদের বাংলাদেশে ফেরত না দিয়ে জনগণের প্রতি অসম্মান প্রদর্শন করে চলেছে।
গোলাম পরওয়ার আশা করেন, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সমমর্যাদা ও সম্মানসূচক সম্পর্ক ভারতীয় কর্তৃপক্ষ বজায় রাখবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ কিংবা উসকানি দেওয়া থেকে বিরত থাকবে।
এ সময় চব্বিশের জুলাই বিপ্লবে হাজার হাজার নাগরিককে হত্যাকারী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে হস্তান্তরের আহ্বান জানান তিনি।
এর আগে নির্বাহী পরিষদের সভায়, দেশের বর্তমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জামায়াতের সাথে মতবিনিময় প্রসঙ্গ, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জামায়াতের অংশগ্রহণ এবং চলমান বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়
আই/এ