বিএনপি edit this post

একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একযোগে পদত্যাগ করলেন বিএনপির ৬ নেতা। দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন- টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।

লিখিত বক্তব্যে তারা জানান, দীর্ঘ দিন ধরে বিএনপির পাটগাতী ইউনিয়ন শাখার বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন। এ কারণে সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজ নিজ সিদ্ধান্তে দলের নিজ নিজ পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, পাটগাতী ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, চলতি নভেম্বর মাসে বিভিন্ন সময়ে টুঙ্গিপাড়ায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের আরও ১৩ জন নেতাকর্মী সংবাদ সম্মেলন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #গোপালগঞ্জ #বিএনপি