আন্তর্জাতিক

ভারতের পাঁচ রাজ্যে বাংলাদেশের ভিসা আবেদন নেবে নতুন প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পাঁচটি রাজ্যে বাংলাদেশের ভিসার আবেদন গ্রহণের দায়িত্ব পাচ্ছে নতুন একটি প্রতিষ্ঠান। আবেদন প্রক্রিয়া সহজ করা ও সেবার মান উন্নত করার লক্ষ্যে ‘সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস’ নামের প্রতিষ্ঠানটিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে নতুন প্রতিষ্ঠানের অধীনে ভিসা আবেদন কেন্দ্র চালু হবে।

নতুন ব্যবস্থায় পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ের বাসিন্দারা বাংলাদেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন। এসব রাজ্যে দীর্ঘদিন ধরে বসবাসরত বিদেশি নাগরিকদেরও আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।

কলকাতায় নতুন আবেদন কেন্দ্রের ঠিকানা সিমসিস টাওয়ার্স, প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, সেক্টর ফাইভ, সল্টলেক, কলকাতা-৭০০০৯১। আর শিলিগুড়ির কেন্দ্রটি চালু হবে সিটি মলের প্রথম তলায়, সেবক রোড, দার্জিলিং-৭৩৪০০১ ঠিকানায়।

উপ-হাইকমিশনের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পাঁচ রাজ্যের আবেদনকারীদের আগামী ১ ডিসেম্বর থেকে নতুন কেন্দ্রগুলোতে ভিসার আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসার আবেদন সংগ্রহের দায়িত্বে ছিল ‘ডিইউ ডিজিটাল’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। কলকাতার সল্টলেক ও শিলিগুড়িতে প্রতিষ্ঠানটির দুটি আবেদন কেন্দ্র ছিল। এসব কেন্দ্র থেকে আবেদনপত্র ও পাসপোর্ট বাংলাদেশ উপ-হাইকমিশনে পাঠানো হতো। ভিসা প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীরা সংশ্লিষ্ট কেন্দ্র থেকেই পাসপোর্ট সংগ্রহ করতেন।

চলতি বছরের ৩০ নভেম্বর ডিইউ ডিজিটালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর নতুন প্রতিষ্ঠানটি ভিসা আবেদন গ্রহণের দায়িত্ব বুঝে নেবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা আবেদন ব্যবস্থাপনায় গতি বাড়বে। একই সঙ্গে আবেদনকারীরা আরও সহজ ও উন্নত সেবা পাবেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #বাংলাদেশ #ভিসা