মৃত্যুর আগে ব্যক্তিগত ডায়েরিতে অদ্ভুত কিছু অভিজ্ঞতার কথা লিখে গেছেন প্রয়াত পোপ ফ্রান্সিস। জীবনে তিনবার শয়তানকে দেখেছিলেন বলে বিশ্বাস করতেন তিনি। এমনকি এক রাতে ‘নরকের দরজা’ দেখার অভিজ্ঞতার কথাও লিখেছিলেন নিজের ডায়েরিতে। সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে তার ব্যক্তিগত ডায়েরির নির্বাচিত অংশ সামনে আসার পর এসব তথ্য জানা গেছে।
‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ নামের বইটি লিখেছেন আর্জেন্টিনার কার্ডিনাল ভিক্টর ম্যানুয়েল ফার্নান্দেজ। এতে ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরির বিভিন্ন অংশ স্থান পেয়েছে। তার চিন্তা, উদ্বেগ, অনুশোচনা, আত্মসমালোচনা, মানবিক অনুভূতি ও ধর্মীয় বিশ্বাসের নানা দিক উঠে এসেছে এসব লেখায়।
ভ্যাটিকানের ধর্মীয় মতবাদবিষয়ক দপ্তরের প্রধান ফার্নান্দেজ জানান, কালো প্লাস্টিকের মলাটে বাঁধানো ডায়েরির ভাবনা ও অভিজ্ঞতাগুলো বিশ্বের সামনে তুলে ধরার দায়িত্ব পোপ ফ্রান্সিস নিজেই তাকে দিয়েছিলেন।
পোপের মৃত্যুর পর গত বছর তার উত্তরসূরি পোপ লিও চতুর্দশের কাছে বইটি প্রকাশের বিষয়টি তুলে ধরেন ফার্নান্দেজ।
তার আশঙ্কা ছিল, ডায়েরিটি কোনো গুদামে পড়ে থেকে একসময় বিস্মৃত হয়ে যেতে পারে। পরে ডায়েরির নির্বাচিত অংশ প্রকাশের অনুমতি পান তিনি।
ফার্নান্দেজের মতে, পোপ ফ্রান্সিসের অন্তর্গত আধ্যাত্মিক চিন্তাভাবনা স্পষ্টভাবে তুলে ধরেছে এই ডায়েরি, যা মানুষের জন্য উপকারী হতে পারে।
বইটির সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো শয়তানকে তিনবার দেখার অভিজ্ঞতা।
ডায়েরিতে পোপ ফ্রান্সিস লিখেছেন, বুয়েনস এইরেসের আর্চবিশপ থাকাকালে তিনবার শয়তানকে দেখেছিলেন বলে তার বিশ্বাস। এর মধ্যে একবার বাড়ি ফেরার পথে গাড়ির জানালা দিয়ে এবং আরেকবার গির্জার একটি উপাসনাকক্ষে প্রার্থনার সময় এই অভিজ্ঞতা হয়। তৃতীয় ঘটনাটি ঘটে চিলি সফরের পর রোমে।
বইটির ফরাসি সংস্করণের আগাম কপিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৪ জানুয়ারি ডায়েরিতে পোপ ফ্রান্সিস লিখেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন শয়তান নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে এবং কৌশলে মানুষের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ডায়েরিতে তিনটি ঘটনার বর্ণনা দিয়ে তিনি উল্লেখ করেন, প্রতিবারই শয়তানকে বাস্তব শারীরিক উপস্থিতিতে দেখেছেন বলে তার মনে হয়েছিল।
প্রথম ঘটনার সময় প্রায় ১৫ বছর আগে গাড়িতে করে যাওয়ার পথে জানালা দিয়ে শয়তানকে দেখেছিলেন বলে লেখেন পোপ। তার চোখের দৃষ্টি ছিল একই সঙ্গে ভয়ংকর ও আকর্ষণীয়। সেই দৃষ্টি কখনো ভুলতে পারবেন না বলেও উল্লেখ করেন তিনি।
দ্বিতীয় অভিজ্ঞতাটি হয়েছিল একটি কারমেলাইট উপাসনালয়ে। সেখানে জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখেন শয়তানকে। পোপের বর্ণনায়, সেই দৃষ্টি আগের ঘটনার চেয়েও তীব্র ছিল। মনে হচ্ছিল, চোখ থেকে আগুনের ঝলক বের হচ্ছে।
তৃতীয় ঘটনাটি ঘটে চিলি সফর শেষে রোমে একটি বৈঠকের সময়।
পোপ ফ্রান্সিসের দাবি, সেদিন শুধু শয়তানকে দেখেননি, তার কণ্ঠস্বরও শুনেছিলেন। কণ্ঠস্বরটি ছিল বিজয়ীর মতো, যেন সবকিছুর ওপর তার নিয়ন্ত্রণ রয়েছে। সেই কণ্ঠের কর্কশ ও শক্তিশালী আওয়াজও তাঁর মনে গেঁথে ছিল। তবে এসব অভিজ্ঞতা থেকে মুক্ত হওয়ার সুযোগ সৃষ্টিকর্তা তাকে দিয়েছিলেন বলে ডায়েরিতে উল্লেখ করেন তিনি।
শুধু শয়তানকে দেখার অভিজ্ঞতাই নয়, ডায়েরিতে উঠে এসেছে আরও একটি রহস্যময় ঘটনার কথা। ২০১৮ সালের ৭ জুনের একটি নোটে পোপ ফ্রান্সিস লিখেছিলেন, আগের রাতে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন।
পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরির এসব লেখা তার ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিক উপলব্ধি ও ব্যক্তিগত অভিজ্ঞতার এক ভিন্ন দিক সামনে এনেছে। জনসমক্ষে সাধারণত যে পোপকে দেখা যেত, ডায়েরির পাতায় উঠে এসেছে তার একান্ত চিন্তা ও বিশ্বাসের জগৎ।
সূত্র: রয়টার্স
এসি//