২০৭০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা দাঁড়াতে পারে ২৩ কোটি ৭২ লাখে। এর মধ্যে মুসলিম জনগোষ্ঠীর অংশ বেড়ে হতে পারে ৯২ শতাংশ। আর মুসলিম জনসংখ্যার দিক থেকে বিশ্বে পঞ্চম বৃহত্তম দেশে পরিণত হতে পারে বাংলাদেশ। বিপরীতে, মোট জনসংখ্যায় হিন্দুদের অনুপাত কিছুটা কমলেও তাদের সংখ্যাও বাড়বে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন এক গবেষণায় উঠে এসেছে এসব পূর্বাভাস।
পিউ রিসার্চ সেন্টারের ‘বিশ্বের ধর্মগুলোর ভবিষ্যৎ: ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাস’ শীর্ষক গবেষণায় বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের ধর্মীয় জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। এতে বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ অন্তর্ভুক্ত রয়েছে।
গবেষণার হিসাব অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৬৩ লাখ। এর মধ্যে মুসলিম ছিলেন ৯১ দশমিক ১ শতাংশ। ২০৭০ সালে দেশের জনসংখ্যা বেড়ে ২৩ কোটি ৭২ লাখ হতে পারে। তখন মুসলিমদের অনুপাত বেড়ে দাঁড়াতে পারে ৯২ শতাংশে।
অন্যদিকে, ২০২০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যার ৭ দশমিক ৯ শতাংশ ছিলেন হিন্দু। ২০৭০ সালে এ হার কমে ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে। তবে অনুপাত কমলেও হিন্দু জনগোষ্ঠীর মোট সংখ্যা বাড়ার পূর্বাভাস রয়েছে। ২০২০ সালে দেশে হিন্দু ছিলেন প্রায় ১ কোটি ৩১ লাখ। ২০৭০ সালে এ সংখ্যা বেড়ে প্রায় ১ কোটি ৬১ লাখ হতে পারে।
অর্থাৎ, আগামী পাঁচ দশকে বাংলাদেশে মুসলিম ও হিন্দু—উভয় জনগোষ্ঠীর সংখ্যাই বাড়তে পারে। তবে মোট জনসংখ্যায় তাদের অনুপাতের পরিবর্তন হবে ভিন্নভাবে।
ভারতে বাড়বে মুসলিম ও হিন্দু উভয় জনগোষ্ঠী
বাংলাদেশের প্রতিবেশী ভারতেও মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ার পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ সেন্টার। গবেষণার তথ্য অনুযায়ী, ২০২০ সালে ভারতে মুসলিম ছিলেন প্রায় ২১ কোটি ৩০ লাখ। ২০৭০ সালে এ সংখ্যা বেড়ে প্রায় ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে।
একই সময়ে দেশটির হিন্দু জনগোষ্ঠীর সংখ্যাও বাড়বে। ২০২০ সালে ভারতে হিন্দু ছিলেন ১০০ কোটির বেশি। আগামী ৫০ বছরে এ সংখ্যা প্রায় ১৭ কোটি ৬০ লাখ বাড়তে পারে। তবে মোট জনসংখ্যার তুলনায় হিন্দুদের অনুপাত কমার সম্ভাবনা রয়েছে।
গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ভারতের জনসংখ্যায় মুসলিমদের অংশ ৪ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে। বিপরীতে হিন্দুদের অংশ কমতে পারে ৩ দশমিক ৬ শতাংশ। তবে ২০৭০ সালেও ভারতের মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশের বেশি হিন্দু থাকবেন বলে ধারণা করা হয়েছে।
বিশ্বে মুসলিম জনসংখ্যায় শীর্ষে উঠতে পারে পাকিস্তান
বাংলাদেশ ও ভারত ছাড়াও আগামী পাঁচ দশকে বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম জনসংখ্যা বাড়ার পূর্বাভাস রয়েছে। গবেষণায় বলা হয়েছে, তরুণ জনগোষ্ঠীর আধিক্য ও তুলনামূলক উচ্চ জন্মহার এ বৃদ্ধির প্রধান কারণ হবে।
২০২০ সালের তুলনায় ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা প্রায় ৮০ শতাংশ বাড়তে পারে। তখন এ সংখ্যা দাঁড়াতে পারে ৩৬০ কোটির বেশি।
দেশভিত্তিক হিসাবে ২০৭০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যায় ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে শীর্ষে উঠে আসতে পারে পাকিস্তান। দেশটিতে মুসলিমের সংখ্যা বেড়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকতে পারে ভারত, তৃতীয় নাইজেরিয়া, চতুর্থ ইন্দোনেশিয়া এবং পঞ্চম বাংলাদেশ।
গবেষণার হিসাব অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ছিল ৫৩টি। ২০৭০ সাল নাগাদ আইভরি কোস্ট নতুন করে যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে ৫৪টিতে দাঁড়াতে পারে।
এসব দেশের মধ্যে আটটির জনসংখ্যা ১০ কোটি বা তার বেশি হতে পারে। দেশগুলো হলো পাকিস্তান, ভারত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিসর, সুদান ও তুরস্ক।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও বাড়বে মুসলিমদের অংশ
মুসলিম জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। গবেষণায় বলা হয়েছে, ২০৪০ সালের মধ্যে এ অঞ্চলে মুসলিমরা ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকে ছাড়িয়ে বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে পারেন।
২০২০ সালে এ অঞ্চলের মোট জনসংখ্যার ২৬ শতাংশ ছিলেন মুসলিম। ২০৭০ সালে এ হার বেড়ে ৩৭ শতাংশ হতে পারে। তখন এ অঞ্চলে মুসলিম জনসংখ্যা দাঁড়াতে পারে ১৮০ কোটিতে।
অন্যদিকে, ইউরোপ ও উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে অভিবাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যা তিন গুণের বেশি বাড়ার পূর্বাভাস রয়েছে। যুক্তরাষ্ট্রে মুসলিমের সংখ্যা প্রায় ৯০ লাখ বাড়তে পারে।
খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারেন মুসলমানেরা
বিশ্বে ধর্মীয় জনসংখ্যার সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে মুসলিম ও খ্রিষ্টান জনগোষ্ঠীর অবস্থানে। বহু বছর ধরে অনুসারীর সংখ্যায় বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী খ্রিষ্টানরা। তবে পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস বলছে, ২০৩৫ সালের মধ্যেই মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে।
গবেষণার তথ্য অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টান ছিলেন প্রায় ২২৭ কোটি আর মুসলিম ছিলেন ২০২ কোটি। ২০৩৫ সালে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ২৫৭ কোটি হতে পারে। একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ২৫২ কোটিতে।
২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটি ছাড়িয়ে যেতে পারে। অন্যদিকে, খ্রিষ্টানদের সংখ্যা ৩০০ কোটির কিছু কম থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে খ্রিষ্টানদের মোট সংখ্যাও বাড়বে। গবেষণা অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে তাদের জনসংখ্যা প্রায় ৩০ শতাংশ বাড়তে পারে। কিন্তু বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির তুলনায় এ হার কম হওয়ায় ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে তাদের অনুপাত খুব বেশি পরিবর্তিত হবে না।
গবেষণায় আরও বলা হয়েছে, ২০৭০ সালের মধ্যে ৬১টি দেশে মোট জনসংখ্যার অনুপাতে খ্রিষ্টানদের অংশ উল্লেখযোগ্যভাবে কমতে পারে। বিপরীতে মাত্র চারটি দেশে এ হার বাড়ার সম্ভাবনা রয়েছে।
খ্রিষ্টান জনসংখ্যার ভৌগোলিক অবস্থানেও পরিবর্তন আসতে পারে। ইউরোপ ও আমেরিকার পরিবর্তে আফ্রিকা হয়ে উঠতে পারে বিশ্বের প্রধান খ্রিষ্টান জনসংখ্যার কেন্দ্র। ২০৭০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি খ্রিষ্টান সাব-সাহারান আফ্রিকায় বসবাস করতে পারেন। এ ছাড়া ইউরোপে মোট জনসংখ্যার অনুপাতে খ্রিষ্টানদের অংশ প্রায় ১৫ শতাংশ কমতে পারে।
যেসব কারণে বদলাবে ধর্মীয় জনসংখ্যার চিত্র
পিউ রিসার্চ সেন্টারের এ গবেষণায় ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের সাতটি ধর্মীয় জনগোষ্ঠীর সম্ভাব্য পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। মুসলিম, খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী এবং কোনো ধর্মের সঙ্গে নিজেদের যুক্ত করেন না—এমন মানুষদের এ হিসাবের আওতায় রাখা হয়েছে।
জনসংখ্যার বয়সকাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্ম পরিবর্তন ও অভিবাসন—এই পাঁচটি বিষয় বিবেচনায় নিয়ে পূর্বাভাস তৈরি করা হয়েছে।
গবেষণায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে তরুণ জনগোষ্ঠীর আধিক্য ও উচ্চ জন্মহারের কথা বলা হয়েছে। অন্যদিকে, খ্রিষ্টানদের সংখ্যাও বাড়লেও বিশ্ব জনসংখ্যার তুলনায় তাদের বৃদ্ধির হার তুলনামূলক কম থাকতে পারে।
সব মিলিয়ে, আগামী পাঁচ দশকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় জনসংখ্যার অনুপাত ও অবস্থানে পরিবর্তনের আভাস দিয়েছে পিউ রিসার্চ সেন্টার। তবে এসব সংখ্যা নিশ্চিত পরিসংখ্যান নয়; বর্তমান জনমিতিক প্রবণতা অব্যাহত থাকলে সম্ভাব্য পরিবর্তনের পূর্বাভাস।
সূত্র: বিবিসি
এসি//