জাতীয়

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

বায়ান্ন প্রতিবেদন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালে, যা ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার দূরে। আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী ফারজানা সুলতানা জানান, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

তিনি বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশের অনেক দূরে হলেও এর মাত্রা তুলনামূলক বেশি হওয়ায় ঢাকা ও রংপুরের মতো এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি।

তবে ভূমিকম্পটির মাত্রা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য রয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এর মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে।

অন্যদিকে নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬।

নেপালের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের কাছাকাছি তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

ভূমিকম্পটি শুধু বাংলাদেশেই নয়, নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভূমিকম্প #ঢাকা