হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন করায় ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তার দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। জনসমক্ষে পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে তাদের এ শাস্তি দেওয়া হয়। একই সঙ্গে দুই বছরের জন্য ভ্রমণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সংগীতশিল্পী ও তার সহযোগীদের আইনজীবী এ তথ্য জানান।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল মনিটরের প্রতিবেদনে বলা হয়, ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদ আইনজীবী মোস্তফা নিলির বরাতে জানিয়েছে, পারাস্তু আহমাদি ও তার চার সহযোগী প্রত্যেকেই ৭৪ বার বেত্রাঘাতের শিকার হয়েছেন।
জনসমক্ষে অশালীন আচরণ এবং ইন্টারনেটে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়।
আইনজীবী দলের এক সদস্য জানান, আহমাদি, কনসার্টে অংশ নেওয়া তিন সংগীতশিল্পী এবং গায়িকার প্রযোজককে পবিত্র নগরী কোমে এ শাস্তি দেওয়া হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে কোম শহরে হিজাব ছাড়াই একটি কনসার্টে গান পরিবেশন করেন ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি। ওই অনুষ্ঠানে তার পরনে ছিল হাতাকাটা পোশাক। সেখানে তিনি ঐতিহ্যবাহী ইরানি গান পরিবেশন করেন। কনসার্টের ধারণ করা ভিডিও এখনো তার ইউটিউব চ্যানেলে রয়েছে। ভিডিওটি ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে। আর তার চ্যানেলের অনুসারী ৭৭ হাজারের বেশি।
কনসার্টের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে গ্রেপ্তার হন আহমাদি। তবে অল্প সময়ের মধ্যেই মুক্তি পান তিনি। পরে গত জুনে তাকে প্রথমবারের মতো দোষী সাব্যস্ত করা হয়। সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখেন আদালত।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানে নারীদের জনসমক্ষে চুল ঢেকে রাখা ও ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক। তবে দীর্ঘদিন ধরে এই বিধির প্রয়োগে কঠোরতার মাত্রা এক রকম ছিল না। বিশেষ করে ২০২২ সালের পর থেকে হিজাব না পরেই জনসমক্ষে চলাচল করছেন দেশটির ক্রমবর্ধমানসংখ্যক নারী। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে এমন দৃশ্য এখন বেশ পরিচিত।
২০২২ সালে যথাযথভাবে হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তার হন তরুণী মাহসা আমিনি। পুলিশি হেফাজতে তার মৃত্যুর পর দেশজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক বিক্ষোভ। ওই ঘটনার পর হিজাব আইন নিয়ে ইরানের সরকার ও সাধারণ মানুষের বিরোধ আরও প্রকাশ্যে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও হিজাব ছাড়া নিজেদের ছবি প্রকাশ করতে থাকেন অনেক নারী।
এদিকে ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার গোলাম-আলী হাদ্দাদ-আদেল গত সেপ্টেম্বরে জানিয়েছিলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ হিজাব আইন নিজেদের ইচ্ছামতো কঠোরভাবে কার্যকর করতে পারছে না। তবে যুদ্ধ শুরুর আগেই দেশটিতে হিজাব আইন অমান্যের প্রবণতা বাড়ছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়। এর আগেও ২০২৫ সালের ডিসেম্বরে ইরানে ক্রমবর্ধমানসংখ্যক নারীকে হিজাব ছাড়া জনসমক্ষে চলাচল করতে দেখা যাওয়ার খবর প্রকাশিত হয়েছিল।
তবে গত এক বছরে হিজাব আইন কার্যকরে কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। গত অক্টোবরের শেষ দিকে তেহরানের সরকারি কৌঁসুলি আলী সালেহি হিজাবসংক্রান্ত বিধি কার্যকরে ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। সরকারের শালীনতা ও হিজাববিষয়ক টাস্কফোর্সের এক বৈঠকে তিনি এ সতর্কবার্তা দেন।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে ইরানের এক কর্মকর্তা জানিয়েছিলেন, নারীদের হিজাব আইন মানা নিশ্চিত করতে তেহরান প্রদেশে ৮০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এই বাহিনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিচার বিভাগের কর্মকর্তারাও রয়েছেন।
হিজাব ও শালীনতাসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে এর আগেও দেশটির একাধিক শিল্পীকে গ্রেপ্তার ও শাস্তির মুখে পড়তে হয়েছে। ২০২৩ সালে সংগীতশিল্পী মেহদি ইয়াররাহিকে গ্রেপ্তার করা হয়। ওই বছর প্রকাশিত তার একটি গানে ইরানি নারীদের হিজাব খুলে ফেলার আহ্বান জানানো হয়েছিল। পরে একই বছর জামিনে মুক্তি পান তিনি।
এ ছাড়া ২০২৪ সালে জনসমক্ষে হিজাব ছাড়া গান পরিবেশন করে ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার হন সংগীতশিল্পী জারা ইসমাইলি। তিনি ঠিক কবে মুক্তি পেয়েছেন, তা জানা যায়নি। তবে ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন।
সূত্র: বিবিসি, ইরান ইন্টারন্যাশনাল, এএফপি
এসি//