চীনের শেনজেনে প্রথমবারের মতো একসঙ্গে বৈঠকে বসেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকটিকে ‘যুগান্তকারী’ বলে অভিহিত করেছে বেইজিং। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত প্রকাশ করেনি কোনো পক্ষ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিল, ইরান ও ইউক্রেনের যুদ্ধ এবং গাজায় ইসরাইলের হামলাসহ বিশ্বশান্তির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তিন নেতা।
বৈঠকের আগে ট্রাম্প জানান, পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমিয়ে আনার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। তার মতে, পারমাণবিক শক্তিধর দেশগুলোর অস্ত্রভান্ডার ছোট করা কঠিন হলেও এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির সুযোগ রয়েছে।
রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভও বৈঠকে বড় শক্তিধর দেশগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনার কথা জানিয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুত অনেক কম—এ যুক্তিতে নিরস্ত্রীকরণ আলোচনা শুরু করার প্রস্তাব বারবার নাকচ করে আসছে চীন।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত চীনের পারমাণবিক ওয়ারহেড ছিল আনুমানিক ৬২০টি। একই সময়ে যুক্তরাষ্ট্রের কাছে ছিল ৫ হাজার ৪২টি এবং রাশিয়ার কাছে ৫ হাজার ৪২০টি।
এমএ//