মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানে জ্বালানি সংকট আরও গভীর হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রোববার (২২ নভেম্বর) থেকে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এলাকাভেদে প্রতি দুই দিনে প্রায় দুই ঘণ্টা কিংবা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হতে পারে গ্রাহকদের।
শনিবার (২১ নভেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানান ইরানের জাতীয় বিদ্যুৎ কোম্পানি তাভানিরের প্রধান মোহাম্মদ আল্লাহদাদ।
বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
আল্লাহদাদ জানান, জ্বালানি সরবরাহ পরিস্থিতির কারণে রোববার থেকে বিদ্যুৎ বিতরণে বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। এ পরিকল্পনার আওতায় বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
তিনি জানান, এলাকাভেদে প্রতি দুই দিনে অন্তত একবার প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকতে পারে। আবার কিছু এলাকায় প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ব্যবস্থা করা হবে।
বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানির ঘাটতির কারণে সাম্প্রতিক বছরগুলোতেও একই ধরনের পদক্ষেপ নিতে হয়েছে ইরানকে। বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাসের মজুত থাকা সত্ত্বেও দেশটি দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ জ্বালানির চাহিদা পূরণে সংকটে রয়েছে।
দীর্ঘদিনের অপর্যাপ্ত বিনিয়োগ এবং কয়েক দশকের পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের পুরোনো বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা বাড়তি চাপের মুখে পড়েছে। এর সঙ্গে যুদ্ধের প্রভাব যুক্ত হওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনমনে অসন্তোষও বাড়ছে। তীব্র আবহাওয়া ও জ্বালানি সংকটের সময় পরিস্থিতি মোকাবিলায় সরকারি কার্যালয় বন্ধ রাখা এবং বিভিন্ন সেবা কার্যক্রম সীমিত করার মতো পদক্ষেপ নিতে হয়েছে দেশটির কর্তৃপক্ষকে।
এসি//