জাতীয়

প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

মহাসড়কে সড়ক নিরাপত্তা জোরদার এবং ট্রাফিক আইন প্রয়োগ কার্যক্রম আরও কার্যকর করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ও বাংলাদেশ হাইওয়ে পুলিশ। এর আওতায় সওজের সংরক্ষিত সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত তথ্য ব্যবহার করতে পারবে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. সায়েদুর রহমান এবং সড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আনিসুর রহমান। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পুলিশ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সমঝোতা অনুযায়ী, সওজের ট্রাফিক ব্যবস্থাপনা কেন্দ্রে সংরক্ষিত সিসিটিভি ফুটেজ এবং স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ ব্যবস্থা, গতিসীমা শনাক্তকরণ প্রযুক্তি, চলন্ত অবস্থায় যানবাহনের ওজন পরিমাপ ব্যবস্থা ও বুদ্ধিমান পরিবহন ব্যবস্থার মাধ্যমে সংগৃহীত তথ্য কাজে লাগাতে পারবে হাইওয়ে পুলিশ।

এসব তথ্য বিশ্লেষণ করে মহাসড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, অননুমোদিত স্থানে যানবাহন থামানো এবং নির্ধারিত লেনের নিয়ম ভাঙার মতো অপরাধ শনাক্ত করা যাবে। এতে ট্রাফিক আইন প্রয়োগ আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া সড়ক দুর্ঘটনা কমানো, যানজট নিয়ন্ত্রণ এবং মহাসড়কের নিরাপত্তা উন্নয়নে দুই প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করবে। এ জন্য নিরাপদ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য আদান-প্রদানের সুযোগ রাখা হবে। প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও তথ্যপ্রাপ্তি সার্বক্ষণিক চালু রাখার উদ্যোগও নেওয়া হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষরের সাত কার্যদিবসের মধ্যে হাইওয়ে পুলিশকে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের সংযোগ এবং কারিগরি নির্দেশনা দেবে সওজ। এর মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্যভান্ডার থেকে শুধু তথ্য দেখার সুযোগ পাবে হাইওয়ে পুলিশ। তবে সেখানে থাকা কোনো তথ্য পরিবর্তন বা সম্পাদনা করতে পারবে না।

তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে দুই প্রতিষ্ঠানকে নির্ধারিত বিধিবিধান এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে। সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগের ফলে মহাসড়কে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়বে এবং তথ্যের ভিত্তিতে আইন প্রয়োগ আরও জোরদার হবে। পাশাপাশি বেপরোয়া গতি, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন অমান্যের মতো অপরাধ নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হবে এই ব্যবস্থা।

সমঝোতা স্মারকটি স্বাক্ষরের দিন থেকেই কার্যকর হয়েছে। প্রাথমিকভাবে এর মেয়াদ নির্ধারণ করা হয়েছে পাঁচ বছর।

সূত্র: বাসস

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ হাইওয়ে পুলিশ #মহাসড়ক #সিসিটিভি