বিএনপি

আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে। ২০২৬ সালে এসে দলটির অতীত কর্মকাণ্ডের প্রমাণ সামনে এসেছে, যা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে জয়বাংলা মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপ ও নৈরাজ্যের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, লগি-বৈঠার রাজনীতি, পেট্রোল বোমার রাজনীতি এবং সহিংসতার সংস্কৃতি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে। শেখ হাসিনা বার্ন ইউনিট প্রতিষ্ঠা করেছিলেন, অথচ নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডে মানুষকে আহত করে সেই বার্ন ইউনিটে পাঠানো হতো। পরে আবার ক্যামেরা নিয়ে সেই ঘটনাগুলো ধারণ করতে যেতেন তারা।

তিনি বলেন, একসময় নির্যাতিত মানুষের মুখে স্লোগান ছিল, হাসিনারে, হাসিনা তোর কথায় নাচি না’। সেই সময়ের মানুষকে ভয় দেখিয়ে দমন করার চেষ্টা করা হলেও জনগণ শেষ পর্যন্ত নিজেদের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়েছে। হাসিনার কথায় এদেশের মানুষ আর নাচবে না।

তিনি আরও বলেন, যারা সাধারণ আওয়ামী লীগ করেন- যে কেউ একটি দল করতেই পারেন, এটা দোষের নয়।  প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষ, যারা অন্য দল করেন- বিএনপি করেন না, আওয়ামী লীগ বা অন্য রাজনৈতিক দল করেন, তাদের প্রতি যেন কোনো প্রতিহিংসামূলক আচরণ না করা হয়। আপনারা শান্তিপূর্ণভাবে দল করুন, তাতে কোনো সমস্যা নেই। তবে জ্বালাও-পোড়াও করলে বা মানুষের জানমালের ক্ষতি হলে সমস্যা আছে।

নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির আহ্বায়ক মোদারেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #শামা ওবায়েদ