রাজধানীর বাইরে শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে হাসপাতাল চালু করা হবে। নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে এতদিন হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা শুরু করা সম্ভব হয়নি।
হাসপাতালগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীর হাসপাতালগুলোর ওপর নির্ভরশীলতাও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পাঁচটি হাসপাতালের কার্যক্রম পরিচালনায় মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পদে ৫টি, সহকারী পরিচালক পদে ৫টি, জ্যেষ্ঠ পরামর্শক পদে ১০০টি, কনিষ্ঠ পরামর্শক পদে ২০০টি এবং আবাসিক চিকিৎসক পদে ১০টি রয়েছে। এ ছাড়া আবাসিক শল্যচিকিৎসক পদে ১৫টি, আবাসিক চিকিৎসা কর্মকর্তা পদে ৫টি, চিকিৎসা কর্মকর্তা পদে ৩২৫টি, সহকারী দন্তচিকিৎসক পদে ১০টি, জরুরি চিকিৎসা কর্মকর্তা পদে ২০টি এবং অবেদনবিদ পদে ২০টি পদ রাখা হয়েছে।
এদিকে হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করতে পাঁচটি প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী শিশু হাসপাতালে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে উপপরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ সুবিধা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বড় পরিসরের আইসিইউ ইউনিট থাকবে। ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুযোগ রেখেই হাসপাতালগুলোর অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও শেষ হয়েছে।
এর আগে গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে দেশের ছয় বিভাগে অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। এরপরই হাসপাতালগুলো চালুর প্রস্তুতি জোরদার করা হয়।
গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ বিষয়ে জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।
তিনি জানান, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী একযোগে পাঁচটি শিশু হাসপাতাল উদ্বোধন করবেন। এ জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগে নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন।
এদিকে হাসপাতালগুলো চালুর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও পৌঁছে দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নবজাতকের কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের যন্ত্র, সিটি স্ক্যান, এক্স-রে ও বহনযোগ্য এক্স-রে যন্ত্র, হৃদ্যন্ত্রসহ বিভিন্ন শারীরিক অবস্থা পর্যবেক্ষণের যন্ত্র এবং ফটোথেরাপি মেশিন।
সূত্র: বাসস
এসি//