অন্যান্য edit this post

আমির হামজার পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড হওয়া উচিত: রাশেদ খাঁন

বায়ান্ন প্রতিবেদন

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে তাকে শরিয়া আইন অনুযায়ী পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ মন্তব্য করেন তিনি।

ভিডিওবার্তায় রাশেদ খাঁন জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী যাচাইয়ের জন্য আমির হামজার একটি অডিও-ভিডিও তার কাছে পাঠান। পরে তিনি নিজে সেটির সত্যতা যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এরপর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রায় ২০০টি ভিডিও তৈরি করে দাবি করেন, অডিওতে থাকা কণ্ঠ আমির হামজার নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।

তবে ‘দ্য ডিসেন্ট’ নামের একটি বেসরকারি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের অনুসন্ধানে অডিওটির কণ্ঠস্বর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয় বলে নিশ্চিত হওয়া গেছে বলে দাবি করেন রাশেদ। তার মতে, এর মধ্য দিয়ে আমির হামজাকে ঘিরে ছড়িয়ে পড়া নারীসংক্রান্ত অডিও কথোপকথনের সত্যতা প্রমাণিত হয়েছে।

এদিকে ওয়াজ মাহফিলে পবিত্র কোরআন সামনে রেখে আমির হামজার শপথ করারও সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেন, নিজের ভুল স্বীকার না করে কোরআন সামনে রেখে আল্লাহর নামে শপথ করে মিথ্যাচার করেছেন আমির হামজা।

রাশেদের অভিযোগ, জামায়াতে ইসলামী নিজেদের ভুল স্বীকারের পরিবর্তে সমালোচনাকারীদের মিথ্যাবাদী প্রমাণের চেষ্টা করছে। জাতীয় নির্বাচনের আগেই জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জানতেন বলেও দাবি করেন তিনি।

রাশেদ আরও বলেন, নির্বাচনের আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আমির হামজাকে ডেকে এ বিষয়ে আলোচনা করা হয়েছিল। তবে বিষয়টি প্রকাশ্যে না আসায় তাকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়।

আমির হামজা ও গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগে জামায়াতের আমিরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

তিনি বলেন, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দেন এবং তিনি পদত্যাগ করেন। অথচ আমির হামজা কিংবা গাজী নজরুল ইসলামের বিষয়ে ডা. শফিকুর রহমান কোনো তদন্ত বা পদত্যাগের নির্দেশ দেননি। এর মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের অভিযোগও সত্য বলে দাবি করেন রাশেদ খাঁন। বিষয়টি জামায়াতের আমিরও জানেন বলে উল্লেখ করেন তিনি।

ভিডিওবার্তার শেষ পর্যায়ে আমির হামজাকে ঘিরে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, জামায়াত যদি শরিয়া আইন বাস্তবায়নে বিশ্বাস করে, তাহলে আমির হামজার বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করবে কি না, তা স্পষ্ট করা উচিত।

তিনি বলেন, “আমির হামজা যে পাপ করেছে, শরীয়া আইন অনুযায়ী তাকে তো পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত। সেটি কি জামায়াত করবে? তাহলে এই যে জামায়াত শরীয়া আইনের কথা বলে, সেটি তো মুনাফিকি, জনগণের সঙ্গে মিথ্যাচার।”

এসব ঘটনার মধ্য দিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ নয় বলে প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আমির হামজা #রাশেদ খাঁন #জামায়াতে ইসলামী