কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিও নিয়ে নতুন তথ্য দিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। প্রতিষ্ঠানটির দাবি, একাধিক অনলাইন প্রযুক্তির মাধ্যমে অডিওগুলো পরীক্ষা করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে কথোপকথনগুলোর প্রকৃত উৎস ও প্রেক্ষাপট নিশ্চিত করা সম্ভব হয়নি।
দ্য ডিসেন্ট জানিয়েছে, অডিওগুলোর সত্যতা যাচাইয়ে প্রযুক্তিগত পরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অন্যান্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হয়। এ জন্য আমির হামজা ও তার ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি প্রতিষ্ঠানটি। ফলে অডিওতে কার সঙ্গে কথা বলা হয়েছে কিংবা কোন পরিস্থিতিতে কথোপকথনগুলো হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়, গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন নিজের ফেসবুক পোস্টে আমির হামজার কথিত নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেন। একই পোস্টে তিনি জানান, যাচাই করে এসব তথ্যের সত্যতা পেয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে এক ব্যক্তিকে ক্ষমা চাওয়ার পাশাপাশি অনুতপ্ত হওয়ার কথা বলতে শোনা যায়। সেখানে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’
এদিকে একই দিন বগুড়ার নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি উত্তরপাড়ায় একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেন আমির হামজা। সেখানে নিজের সম্মানহানির অভিযোগ তুলে তিনি বলেন, আমার বিরুদ্ধে প্রচারিত বক্তব্যের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এ ঘটনার জন্য ভারত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তবে ওই মাহফিলে আমির হামজা তার নামে ছড়িয়ে পড়া অডিওগুলো সরাসরি এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে, এমন দাবি করেননি। পরবর্তী সময়ে তার বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে অডিও-ভিডিওগুলো এআই দিয়ে তৈরি বলে প্রচার করা হয়।
দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক অনলাইন প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করেও অডিওগুলোতে এআই ব্যবহারের কোনো প্রমাণ মেলেনি। তবে এই পরীক্ষার ফল থেকে অডিওগুলোর প্রকৃত উৎস কিংবা কথোপকথনের প্রেক্ষাপট সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না।
অন্যদিকে, আমির হামজার নামে কথিত অডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাশেদ খাঁনকে ঘিরে নেতিবাচক প্রচারণা শুরু হয়।
দ্য ডিসেন্টের অনুসন্ধানে উঠে এসেছে, গত চার দিনে তাকে লক্ষ্য করে অন্তত ১১৮টি নেতিবাচক ভিডিও প্রকাশ করা হয়েছে।
এসব ভিডিওতে রাশেদ খাঁনকে বিকৃত নামে সম্বোধন, ব্যক্তিগত ও পারিবারিক আক্রমণ, ধর্মবিরোধী আখ্যা দেওয়ার পাশাপাশি এআই দিয়ে তৈরি আপত্তিকর ছবি ও ভুয়া অডিও ছড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এসি//