দেশজুড়ে

আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধের দাবিতে থানায় স্মারকলিপি

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে আগামী বুধবার অনুষ্ঠিত আমির হামজার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এতে রাজনৈতিক বক্তব্য, কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ পরিহারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়ে ধর্মীয় আলোচনা কোরআন-হাদিসের শিক্ষা ও ধর্মীয় বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে এলাকাবাসীর পক্ষে ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মোহন ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিনের কাছে স্মারকলিপি জমা দেন।

জানা গেছে, আগামী বুধবার উপজেলার সাহাপুর ইউনিয়নের কদিমপাড়া দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা এবং প্রধান অতিথি হিসেবে পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডলের উপস্থিত থাকাবেন।

স্মারকলিপিতে বলা হয়, ধর্মীয় আলোচনা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ওয়াজ মাহফিলের আয়োজন প্রশংসনীয়। তবে ধর্মীয় মঞ্চে রাজনৈতিক বক্তব্য, দলীয় প্রচার কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্য করে আক্রমণাত্মক ও উসকানিমূলক মন্তব্য করা হলে স্থানীয় সামাজিক পরিবেশ উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ছাত্রনেতা ইসমাইল হোসেন মোহন বলেন, তাঁরা ওয়াজ মাহফিল বন্ধের পক্ষে নন। বরং ধর্মীয় মঞ্চে যেন রাজনৈতিক প্রচার, কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ না হয়, সেটিই তাঁদের মূল দাবি। ধর্মীয় মাহফিলের পবিত্রতা ও ঈশ্বরদীর শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখতেই প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে প্রশাসনিক নজরদারি নিশ্চিত করার দাবি জানানো হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #আমির হামজা #স্মারকলিপি