রাজনীতি

আমির হামজার মাহফিল আয়োজন নিয়ে বিএনপি-জামায়াতের সমঝোতা

ঝিনাইদহ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে মুফতি আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে চলা বিরোধের অবসান হয়েছে। মাহফিলে কোনো রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আয়োজনের বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সমঝোতা হয়।

সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি এবং জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভা শেষে সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, কুরআনের মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য আমির হামজাকে অনুরোধ জানানো হবে। মাহফিল আয়োজনের ক্ষেত্রে বিএনপি ও প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

এর আগে কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে মাহফিল আয়োজনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এরপর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও আলোচনা-সমালোচনা শুরু হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে ওই মাঠে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আমির হামজা #ঝিনাইদহ