অর্থনীতি edit this post

শিক্ষা খাতে প্রায় ৩৭ হাজার ৩৬১ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশের প্রাথমিক ও প্রাক-প্রাথমিক শিক্ষাকে আরও গতিশীল করতে ৩০০ মিলিয়ন ডলারের (প্রায় ৩৭ হাজার ৩৬১ কোটি টাকা) ঋণ সহায়তার সবুজ সংকেত দিয়েছে বিশ্বব্যাংক। শনিবার (০৭ নভেম্বর) বিশ্বব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। 

 

সংস্থাটির নির্বাহী পরিচালক পর্ষদ ‘লার্নিং এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন ইন প্রাইমারি এডুকেশন’ কর্মসূচির আওতায় এ অর্থায়নের অনুমোদন দিয়েছে। শিক্ষার্থীদের নিজ নিজ শ্রেণি উপযোগী পড়ালেখা এবং অঙ্কে শক্ত ভিত গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। একইসঙ্গে সরকারের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সফল করতে এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্বব্যাংকে মনে করছে, বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় প্রায় সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত হয়েছে। তবে শেখার মান নিয়ে এখনো ঘাটতি আছে। ১০ বছর বয়সি শিশুদের প্রায় অর্ধেকই বয়স উপযোগী সাধারণ লেখা পড়ে তা বুঝতে পারছে না। 

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসম জানিয়েছেন, বিশ্বে প্রতিযোগিতা করতে পারা কর্মশক্তি গড়তে মানসম্মত প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ। গেল দুই দশকে বাংলাদেশের প্রায় সব শিশুকে বিদ্যালয়ে আনার ব্যাপারে সহযোগিতা করেছে বিশ্বব্যাংক গ্রুপ। নতুন অর্থায়নে মাধ্যমে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি হবে। বিদ্যালয়ে ধরে রাখার সুযোগ আরো বাড়বে। এতে ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ হবে।

বিশ্বব্যাংক মনে করে, বাংলাদেশের প্রাথমিক শিক্ষাক্রম বিশ্বের অন্যতম বড় একটি পরিমণ্ডল। দেশের সরকারি স্কুল, এনজিওর মাধ্যমে পরিচালিত পাঠশালা, কিন্ডারগার্টেন আর মাদ্রাসায় দুই কোটিরও বেশি খুদে শিক্ষার্থী আছে। 

নতুন কার্যক্রমে খুদে শিক্ষার্থীদের পড়া-শোনা ও অঙ্কের বুনিয়াদ শক্ত করতে পাঠ সহায়ক উপকরণ, গোছানো সিলেবাস এবং শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যাপক সমন্বিত ব্যবস্থা থাকবে। বাংলাদেশের নব্বই শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দক্ষ ও দূরদর্শী করে গড়ে তুলতে নেতৃত্বমূলক প্রশিক্ষণ দেয়া হবে। স্কুলের সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনা পরিষদ আরো দক্ষ ও শক্তিশালী করা হবে। 

বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও কর্মসূচির টিম লিডার তাশমিনা রহমান জানিয়েছেন, ভবিষ্যতে ভালো কর্মসংস্থানের জন্য দক্ষতা অর্জনে মৌলিক শিক্ষার ভিত্তি শক্ত হওয়া জরুরি। পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদানের ব্যবস্থা করা হবে। পিছিয়ে পড়া জেলাগুলোতে এসব কার্যক্রম অগ্রাধিকার দেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিশ্বব্যাংক #প্রাথমিক শিক্ষা #প্রাক-প্রাথমিক শিক্ষা