বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টের স্বয়ংক্রিয় অনুবাদে তার নামের জায়গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম চলে আসে। এ ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া।
শুক্রবার (০৬ নভেম্বর) টোকিওতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিষয়টি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।
রিওসেই আকাজাওয়া জানান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে তিনি ভালোভাবেই জানেন। কিন্তু দুজনের ছবি দিয়ে এক্সে প্রকাশিত পোস্টটি ইংরেজিতে স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হওয়ার সময় তারেক রহমানের পরিবর্তে শেখ হাসিনার নাম চলে আসে।
এক্সের অনুবাদ ব্যবস্থার সমালোচনা করে জাপানের এই মন্ত্রী বলেন, স্বয়ংক্রিয় অনুবাদের কারণে তাকে কূটনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। অনুবাদের ভাষা এমন ছিল, যাতে মনে হচ্ছিল বৈঠকে অংশ নেওয়া বিশ্বনেতাদের পরিচয় সম্পর্কেই তিনি অবগত নন।
তিনি আরও বলেন, বিষয়টি বেশ গুরুতর। কারণ, এমন ভুলের কারণে বাংলাদেশের মানুষের মধ্যে এই ধারণা তৈরি হতে পারে যে, জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জানেন না বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে।
উল্লেখ্য, গেল ২৮ অক্টোবর এক্সে জাপানি ভাষায় দেওয়া ওই পোস্টে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপানের বাণিজ্যমন্ত্রী রিওসেই আকাজাওয়া।
তবে প্ল্যাটফর্মটির স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদে তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম চলে আসে। ফলে পোস্টটি পড়ে মনে হচ্ছিল, আকাজাওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানাচ্ছেন।
এমএ//