আন্তর্জাতিক

মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের স্টারলিংক ব্যবহার, ক্ষুব্ধ ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন সেনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মার্চের শুরুতে পরিচালিত এসব হামলায় স্টারলিংক ব্যবহারের তথ্য সামনে এসেছে। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়েছেন স্টারলিংকের মালিক ইলন মাস্ক।

রোববার (২৯ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, ইরানে স্টারলিংক ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ থাকলেও গোপনে দেশটিতে এর যন্ত্রপাতি সরবরাহ ও স্থাপন করা হয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে ইন্টারনেট সংযোগ নিয়ে মার্কিন সেনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানি বাহিনী।

এ বিষয়ে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, ইরানের হামলায় স্টারলিংক ব্যবহারের খবর পেয়ে মাস্ক অত্যন্ত ক্ষুব্ধ হন। তবে শুধু ইরানের ব্যবহার নিয়েই উদ্বেগ নয়, তার দল আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনারাও স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ডের অপব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। কম দামের প্যাকেজ কিনে তা নির্ধারিত কাজের বাইরে ব্যবহার করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, স্থল অভিযান পরিচালনার জন্য মার্কিন সেনারা স্টারশিল্ডের যে পরিকল্পনা কিনেছিল, তা একমুখী ড্রোন উৎক্ষেপণের কাজেও ব্যবহার করা হয়েছে। অথচ ড্রোন উৎক্ষেপণের মতো কাজে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের জন্য তুলনামূলক বেশি মূল্য নির্ধারণ করে থাকে স্পেসএক্স।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ইলন মাস্কের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের কাছে জানতে চাওয়া হলেও তারা কোনো মন্তব্য করেনি।

এর আগেও বিভিন্ন সংঘাতে স্টারলিংকের ব্যবহার নিয়ে বিতর্কের মুখে পড়েছে মাস্কের প্রতিষ্ঠান। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এই স্যাটেলাইট ইন্টারনেট সেবার ব্যবহার ও এর সামরিক ভূমিকা নিয়ে একাধিকবার সমালোচনা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইলন মাস্ক #যুক্তরাষ্ট্র #ইরান #হামলা #স্টারলিংক