আইন-বিচার edit this post

আবারও ৫ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে আসলামকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপপরিদর্শক মো. ইরফান খান তাকে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন, এর পেছনে থাকা ইন্ধনদাতাদের শনাক্ত, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার গ্রেপ্তার ও পলাতক অন্য আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের জন্য আসলামকে আবারও পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলার নথি অনুযায়ী, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিটন। ঘটনাস্থলটি নিউমার্কেটের পশ্চিম পাশে। এ ঘটনায় টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, টিটনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার খাপুরা এলাকায়। দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। এরপর ঢাকার হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকায় একটি বাসায় থাকতে শুরু করেন।

এজাহারে বাদী উল্লেখ করেন, অতীতে পরিবারের আর্থিক ক্ষতির কারণ হওয়ায় অনুশোচনা করতেন টিটন। এ নিয়ে বড় ভাইয়ের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন তিনি। নতুন করে ব্যবসা শুরু করার পরিকল্পনাও ছিল তার। এ সময় একটি গরুর হাটের ইজারার দরপত্র কেনার কথা বড় ভাইকে জানান টিটন।

এজাহার অনুযায়ী, গরুর হাটের ইজারা নিয়ে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল বা কাইল্লা বাদল, শাজাহান এবং রনি ওরফে ভাঙ্গারি রনিসহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়।

গত ২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষের লোকজন তাকে ডেকেছে। তারা আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে ফেলতে চায়। এর পরদিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় পাকা সড়কে তার ওপর হামলা হয়।

এজাহারে বলা হয়েছে, মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী এবং তাদের সঙ্গে থাকা আরও পাঁচ থেকে সাতজন এই হামলায় অংশ নেয়। তারা টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তিনি সড়কে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে টিটনের বড় ভাই যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পরদিন ২৯ এপ্রিল ভোর ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছে তিনি ভাইয়ের মরদেহ শনাক্ত করেন। এ সময় নিউমার্কেট থানা পুলিশের তৈরি করা সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজেও উপস্থিত ছিলেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মামলা করতে কিছুটা দেরি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এদিকে গত ২২ নভেম্বর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করার সময় সুইডেন আসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৩ নভেম্বর আদালত তার প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নব্বইয়ের দশকে তিনি ঢাকার অপরাধজগতের অন্যতম আলোচিত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিতি পান। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।

সুইডেন আসলামের প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। তার বাবার নাম শেখ জিন্নাত আলী। পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায় হলেও তার বেড়ে ওঠা রাজধানীর ইন্দিরা রোডে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সুইডেন আসলাম #টিটন হত্যা মামলা #রিমান্ড