দেশজুড়ে

বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যান চালকসহ নিহত ২

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহরে বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যান চালকসহ দুজন নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদরা বাইপাস সড়ক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যান চালক নজরুল ইসলাম (৩০) এবং মহেলা হাটপাড়া গ্রামের মৃত ইয়াসিন কারিগরের ছেলে নজরুল ইসলাম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে অটোভ্যানে করে অমৃতকুণ্ডা (রেলবাজার) হাটে যাচ্ছিলেন তারা। পথে ভাদরা বাইপাস সড়ক মোড়ে দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যান চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যান। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যান জব্দ করেছে পুলিশ।

ওসি অলিউর রহমান জানান, ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা #চাটমোহর #ট্রাক #দুর্ঘটনা