আন্তর্জাতিক

নেতানিয়াহু নিজেই আইজেনকোটকে দিলেন প্রধানমন্ত্রী হওযার প্রস্তাব!

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলে সরকার গঠন নিয়ে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ক্ষমতা ভাগাভাগি করে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি নতুন সরকারে প্রথমে প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটকে প্রধানমন্ত্রী করার প্রস্তাবও দিয়েছেন তিনি। এ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন দুই নেতা।

শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটের মধ্যে কথা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টায় ইসরাইলের উপকূলীয় শহর হার্জলিয়ায় একটি হোটেলে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দেন নেতানিয়াহু।

সেখানে তিনি বলেন, "একজন নেতা হিসেবে আমার দায়িত্বের দাবি হলো সবকিছু একপাশে সরিয়ে রাখা... এবং এই বিষয়ে সম্মত হওয়া যে, গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং আমি মেয়াদের শুরুতে বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করব।"

নেতানিয়াহুর প্রস্তাবের জবাবে আইজেনকোট বলেন, "লিকুদ যদি প্রকৃত ঐক্যের জন্য প্রস্তুত থাকে, তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমি দেখতে প্রস্তুত যে তারা কতটা আন্তরিক।"

গত অক্টোবরের শেষ দিকে ইসরাইলে অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রধান রাজনৈতিক জোটই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে সব দলের সঙ্গে আলোচনার পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। এরপর থেকে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা করছেন তিনি।

তবে সরকার গঠনের পথে একাধিক বাধার মুখে পড়েছেন আইজেনকোট। আরব-ইসরাইলি দলগুলোর সমর্থন নেওয়া নিয়ে তার শিবিরে আপত্তি রয়েছে। অন্যদিকে অতি-গোঁড়া ইহুদি দলগুলোকে জোটে আনতে হলে নীতিগত বিষয়ে ছাড় দেওয়ার প্রয়োজন হতে পারে। এসব বিষয় নিয়ে তার রাজনৈতিক শিবিরের মধ্যেও মতবিরোধ দেখা দিয়েছে।

এদিকে লিকুদ পার্টির সঙ্গে আলোচনা নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন আইজেনকোট।

শুক্রবার (২৭ নভ্ম্বের) তিনি অভিযোগ করেন, সমঝোতায় পৌঁছানোর বিষয়ে দলটি আন্তরিক নয়।

আইজেনকোট বলেন, "লিকুদ... আপোস করতে নারাজ এবং দুই সপ্তাহেরও বেশি সময় ধরে একটিও সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করতে অস্বীকার করেছে।"

শনিবারও তিনি জানান, আগে দেওয়া তার একটি বিস্তারিত প্রস্তাবের কোনো জবাব দেয়নি লিকুদ। এর আগের দিন তিনি অতিরিক্ত ১৪ দিন সময় নেওয়ার সুযোগ ব্যবহার না করে ৬ ডিসেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যেই নতুন সরকার গঠনের ঘোষণা দেওয়ার অঙ্গীকার করেন।

সূত্র: ডি ডব্লিউ

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #বেনিয়ামিন নেতানিয়াহু #গাদি আইজেনকোট #প্রধানমন্ত্রী