আন্তর্জাতিক

সৌদি আরবে পাঁচ দফা হামলার দাবি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দর, রাডার স্থাপনা ও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ৪৮ ঘণ্টায় পাঁচ দফা সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

শনিবার (২৮ নভেম্বর) হুতিদের নিয়ন্ত্রিত আল-মাসিরা টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, প্রথম হামলার লক্ষ্য ছিল রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। দ্বিতীয় অভিযানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহা ও খামিস মুশাইত শহরের দুটি রাডার স্থাপনা অকার্যকর করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তৃতীয় ও চতুর্থ হামলা চালানো হয় জিজান তেল শোধনাগার এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের হাওইয়া গ্যাস প্ল্যান্টে। এতে দুটি স্থাপনাতেই আগুন ধরে যায় বলে জানান সারি। পঞ্চম অভিযানে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-শুকাইক ও জিজানের বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হয়। এসব স্থাপনাতেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ইয়েমেনের বিদ্যুৎকেন্দ্রসহ বেসামরিক অবকাঠামোয় সৌদি আরবের বিমান হামলার জবাবে এসব অভিযান চালানো হয়েছে বলে দাবি হুতিদের। তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সামরিক অভিযান বন্ধ ও অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত পাল্টা হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।

তবে হুতিদের হামলা ও ক্ষয়ক্ষতির দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। একই দিন সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলের দিকে ছোড়া হুতিদের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনীর মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত আরও বেড়েছে। ২০১৪ সালের শেষ দিকে হুতিরা রাজধানী সানা ও উত্তর ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখল করে নেওয়ার পর থেকে দেশটিতে সংঘাত চলছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

সূত্র: টাইমস অব ইসরাইল

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সৌদি আরব #হুথি #হামলা